স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের ৭৫ ভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনা হয়েছে। তিনি বলেন, ভ্যাকসিনেশন প্রোগ্রামে ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ও সহযোগিতায় এটা সম্ভব হয়। শনিবার (১২ মার্চ) দুপুরে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে সফলতার পেছনে ঔষধ কোম্পানিগুলোরও ভূমিকা রয়েছে। অন্যান্য দেশের তুলনায় করোনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। ৩২ হাজার লোক মারা গেছেন।
ভারতে ৫ লাখ ও শক্তিধর আমেরিকাতে ১০ লাখ মানুষ করোনায় মারা যায়। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। এখন ব্যবসা বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছু স্বাভাবিকভাবে চলছে বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসাইন, সহকারী অধ্যক্ষ ডা. সাইফুদ্দিন আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান প্রমুখ।